শেরপুরের শ্রীবরদী উপজেলার ঘোরজান গ্রামে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখা, ঝরে পড়া রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর উদ্যোগে এ মাঠ বৈঠক অনুষ্ঠিত হয়।
মাঠ বৈঠকে বিভিন্ন শ্রেণির ৯৫ জন শিক্ষার্থী এবং অভিভাবকেরা অংশ নেন। এতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া, পড়াশোনায় মনোযোগী হওয়া, ঝরে পড়া রোধ, মাদক ও বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে আলোচনা করা হয়।
ডপস এর নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতা চর্চার পাশাপাশি মাদকসহ সব ধরনের ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি অন্যদেরও ভালো পথে এগিয়ে নিতে হবে।
মাঠ বৈঠকে বক্তারা বলেন, একটি শিক্ষার্থী ঝরে পড়লে শুধু একটি পরিবারের স্বপ্নই থেমে যায় না, এর প্রভাব পড়ে পুরো সমাজে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। পাশাপাশি শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
ডপস এর পক্ষ থেকে জানানো হয়, ‘ঝরে পড়া রোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে’ শেরপুরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের মাঠ বৈঠক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মাঠ বৈঠক শেষে বিভিন্ন শ্রেণির ৯৫ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।