অজপাড়া গাঁয়ের গর্ব — নিরব রবিদাস
প্রতিভা কখনো জাত দেখে না, দেখেও না পরিবারের পেশা। সেই সত্যিটাই আবার প্রমাণ করলো ডপস সদস্য নিরব রবিদাস। একজন মুচির ছেলে হয়ে, গ্রামীণ সীমাবদ্ধতা আর আর্থিক কষ্টকে পেছনে ফেলে, সে এবার চান্স পেয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে — কৃষি বিষয়ে!
ডপস শুরু থেকেই শেরপুরের প্রান্তিক অঞ্চলে ছড়িয়ে থাকা এমন মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। শহরের আলো ঝলমলে সুযোগের বাইরে থেকেও যে কত প্রতিভা লুকিয়ে আছে, তারই এক উজ্জ্বল উদাহরণ নিরব রবিদাস। ডপস-এর পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে ভর্তি সহায়তার টাকা ও মিষ্টি তুলে দিই — যা ছিল শুধু একটা আর্থিক সহযোগিতা নয়, ছিল একটা স্বপ্নকে স্পর্শ করার মুহূর্ত।
নিরব এখন শুধু তার পরিবারের নয়, পুরো সমাজের অনুপ্রেরণা। আমরা চাই, নিরবের এই সাফল্য আরও শত শত নিরবকে এগিয়ে যাওয়ার সাহস দিক।



